বাসের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী-রাঙামাটি মহাসড়কে বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাটহাজারী উপজেলার সত্তারঘাট বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই ভাইয়ের নাম মোহাম্মদ নূরনবী রুবেল (২৪) ও মোহাম্মদ তারেক (১৬)। তাঁরা পরস্পর চাচাতো ভাই। রুবেলের বাবা হলেন মোহাম্মদ নুরুল আমিন, আর তারেকের বাবার নাম মোহাম্মদ মহিউদ্দীন। তাঁদের বাড়ি রাউজান পৌরসভা এলাকায়।

মৃত ওই দুই ভাইয়ের মামাতো ভাই মোহাম্মদ রাশেদ উদ্দীন প্রথম আলোকে বলেন, নূরনবী রুবেল দুবাইপ্রবাসী। তিন মাস আগে তিনি বাড়িতে আসেন। এক মাস আগে তিনি বিয়ে করেন। আর মোহাম্মদ তারেক স্থানীয় ইউনুচ সুফিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

রাউজান হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ আবদুল করিম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।