বাসের ধাক্কায় নছিমন চালক নিহত
সাতক্ষীরার শ্যামনগরে বাসের ধাক্কায় নছিমনে থাকা হাফিজুর রহমান (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই নছিমনের চালক ছিলেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চন্ডিপুরে শ্যামনগর-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর একই উপজেলার খাগড়াদানা গ্রামের মোকছেদ আলীর ছেলে।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু কুমার জানান, সকালে ব্যবসায়ী ওয়াজেদ আলী নলতা থেকে মুরগি নিয়ে নছিমনে করে শ্যামনগর আসছিলেন। পথে চন্ডিপুরে পৌঁছালে শ্যামনগরগামী মামুন পরিবহনের একটি কোচ পেছন থেকে নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক হাফিজুর নিহত হন। এ ছাড়া ব্যবসায়ী ওয়াজেদ আলীর দুই পা ভেঙে যায়। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার হাদীপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সাহেব আলী (২৮)। তিনি কালিগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।