বাসের ধাক্কায় নিহত ২
যশোরের মনিরামপুর উপজেলায় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে মনিরামপুর-কালীবাড়ি সড়কের সিলেমপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মা চানাচুর এন্টারপ্রাইজ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি নজরুল ইসলাম (৩০) ও ভ্যানচালক সাহেব আলী (৫০)। নিহত নজরুল উপজেলার পাড়দিয়া গ্রামের রহমত উল্যার ছেলে ও সাহেব আলী আগরহাটি গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মনিরামপুরের সুন্দলপুর বাজার থেকে চানাচুরবোঝাই ভ্যান নিয়ে নজরুল ও সাহেব নেহালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি সাতনল বাজারে পৌঁছালে আকিজ জুট মিলের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বিক্রয় প্রতিনিধি নজরুল ও ভ্যানচালক সাহেব ঘটনাস্থলে নিহত হন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররক হোসেন প্রথম আলোকে বলেন, আকিজ জুট মিলের শ্রমিকবাহী একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।