বাসের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুর এলাকায় বাসের ধাক্কায় এক কিশোরী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ১১ নম্বর সেকশনের ৫ নম্বর অ্যাভিনিউয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরীর নাম জান্নাত (১৪)। এ সময় লাবণী আক্তার (১৪) নামের আরেক কিশোরী আহত হয়েছে। হতাহত কিশোরীদের পরিবার সূত্রে জানা গেছে, তারা দুজনেই পোশাকশ্রমিক হিসেবে কাজ করত।
লাবণীর বাবা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, স্থানীয় তাজ ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানায় জান্নাত ও লাবণী অপারেটর হিসেবে কাজ করত। শরীয়তপুর গোসাইরহাট উপজেলার সরদারপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে জান্নাত। পরিবারের সঙ্গে মিরপুর ১১ নম্বর সেকশনের লালমাটিয়ায় বি ব্লকে থাকত তারা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তারা হেঁটে কারখানায় যাচ্ছিল। পথে ৫ নম্বর অ্যাভিনিউ বটতলা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় জান্নাত ও লাবণীকে। বেলা পৌনে তিনটার দিকে জান্নাত মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য জান্নাতের লাশ মর্গে রাখা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে আহত লাবণীর চিকিৎসা চলছে।