বাসের ধাক্কায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নিহত

ওয়ারী এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. গোলাম হোসেন (৪৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন জালাল উদ্দিন (৫৫), সাহিদা বেগম (৪০) ও মো. সুমন (২৮)।
পুলিশ বলছে, ইত্তেফাক মোড়ের কাছে সকাল পৌনে আটটার দিকে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি ওই সড়কে থাকা গোলাম হোসেনকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কায় বাসটির তিন যাত্রী জালাল, সাহিদা ও সুমন আহত হন। পুলিশ বলছে, আহত ব্যক্তিদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে সকালেই হাসপাতাল ছাড়েন। জালাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সন্ধ্যায় তিনিও হাসপাতাল ছেড়েছেন।
গোলাম হোসেনের সহকর্মী ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আমানুল হক ভূঁইয়া বলেন, গোলাম হোসেনের তিন ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে সালমান হোসেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েন। গতকাল ভোরে সালমান রাজশাহী থেকে ট্রেনে ঢাকার কমলাপুর স্টেশনে নামেন। গোলাম হোসেন ছেলেকে আনতে স্টেশনে যান। স্টেশন থেকে ছেলেকে নিয়ে তিনি পূর্ব জুরাইনের বাসায় ফেরেন। এরপর একটি বাসে করে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশের মোড়ে নামেন। সেখান থেকে হেঁটে মতিঝিলগামী আরেকটি বাস ধরতে যাচ্ছিলেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, গোলাম হোসেনের ছোট ছেলে আরমান মাধ্যমিক পরীক্ষার্থী। দুর্ঘটনার পর বাবার মৃত্যুর খবর তাকে জানানো হয়নি। গতকাল সে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর বাবার মৃত্যুর খবর জানতে পারে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, সায়েদাবাদ থেকে গাবতলীগামী ‘৮ নম্বর’ বাসের ধাক্কায় গোলাম হোসেন মারা যান। বাসটি থানায় আনা হয়েছে। চালক ও চালকের সহকারী পালিয়েছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।