বাসের ধাক্কায় বাউল, ট্রাক চাপায় কিশোর নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় গতকাল শুক্রবার বাসের ধাক্কায় দৃষ্টিপ্রতিবন্ধী বাউলশিল্পী টুটুল ফকির (৩০) নিহত ও তাঁর বাবা মতু ফকির (৬৫) গুরুতর আহত হয়েছেন।খুলনার রূপসা সেতু এলাকায় গত বৃহস্পতিবার রাতে ট্রাকের চাপায় শাকিল খান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে দীঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের শওকত আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে একটি ট্রাক খুলনা নগর থেকে রূপসা সেতুর দিকে যাওয়ার পথে সেতুসংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী শাকিলকে চাপা দেয়। এতে শাকিল ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় উত্তেজিত লোকজন ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারের পর গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, উপজেলার উত্তর পালরদী গ্রামের টুটুল ফকির হাটবাজার ও গাড়িতে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন। সঙ্গে থাকতেন তাঁর বাবা। গতকাল বেলা ১১টার দিকে কসবা এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক দুজনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বরিশাল নেওয়ার পথে গতকাল দুপুর ১২টায় টুটুল ফকির মারা যান। বাসটি জব্দ করে একটি মামলা করা হয়েছে। তবে বাসচালক পলাতক।