বাসের ধাক্কায় বাবা নিহত ছেলে আহত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছে। গতকাল রোববার রংপুর-সৈয়দপুর মহাসড়কের পুরাতন চৌপথি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল কাদের (৫৫)। তাঁর বাড়ি বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বিষ্ণুপুরের কাজীপাড়া গ্রামে। তিনি হলুদের ব্যবসা করেন। দুর্ঘটনায় আহত হওয়া তাঁর ছেলের নাম আমানত (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ব্যবসায়ী আবদুল কাদের (৫৫) নিজের বাড়ি থেকে ছেলে আমানতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তারাগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার পুরাতন চৌপথি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাদের নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলে আমানতকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।