বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে ১০ জন যাত্রী আহত এবং বিদ্যুতের খুঁটি ভেঙে তার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর পড়ায় সড়কের প্রায় ৫৫ কিলোমিটার অংশে যানজট হয়। এ ছাড়া ঘটনার পর থেকে উপজেলার চার ইউনিয়নের প্রায় ১০ হাজার গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকার পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। আর বিদ্যুতের ওই খুঁটিটি ভেঙে পড়ে।
খবর পেয়ে এলাকাবাসী ছাড়াও মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তাঁরা আহত লোকজনকে চিকিৎসার জন্য মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে পাঠান। এদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে সৃষ্ট যানজট একপর্যায়ে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর পল্লী বিদ্যুতের কর্মীরা মহাসড়কের ওপর পড়ে থাকা তার কেটে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর কার্যালয়ের ডিজিএম সন্তোষ কুমার জানান, দুর্ঘটনাকবলিত খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। খুঁটিটি ভেঙে পড়ায় ঘটনার পর থেকে জামুর্কী, বানাইল ও আনাইতারা ইউনিয়নের প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে।