বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত
রাজধানীর মিরপুর-আজিমপুর রুটের বিকল্প পরিবহনের একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। গতকাল শুক্রবার কলাবাগানের লাজ ফার্মা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
আহত মাহফুজুর রহমান (২৩) শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের লালমাটিয়া শাখার গ্রাফিক্স ডিজাইন বিভাগের ছাত্র। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে।
ঘটনাস্থলের পাশ দিয়েই যাচ্ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস। বাস থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শফিকুর রহমান। শফিক প্রথম আলোকে বলেন, মাহফুজ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই বিকল্প পরিবহনের বাসটি বাঁয়ে মোড় নিয়ে মাহফুজকে ধাক্কা দেয়। মাহফুজ গাড়ির নিচে পড়ে যান। এ অবস্থায় ১০-১২ হাত দূরে তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বাসটি। পরে বাসের সামনে একটি ব্যক্তিগত গাড়ি এসে পড়ায় চালক বাস থামান।
মাহফুজের বন্ধু সোহাগ হোসেন বলেন, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসায় তাঁরা বন্ধুরা মিলে মেস করে থাকেন। সকালে মাহফুজ বাসা থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর মুঠোফোনে দুর্ঘটনার কথা জানতে পারেন তাঁরা। সোহাগ জানান, দুর্ঘটনায় মাহফুজের প্রায় পুরো পিঠের চামড়া ছিলে গেছে এবং মেরুদণ্ডসহ আরও কয়েকটি হাড় ভেঙে গেছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, বাসের চালক প্রাথমিকভাবে জানিয়েছেন, ব্রেক কাজ না করায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে গাড়ি পরীক্ষা না করে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে মামলা নেওয়া হবে।