বাসের ধাক্কায় ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৬ জন নিহত
দ্রুতগামী বাসের ধাক্কায় ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত হয়েছেন ছয়জন। আহত হয়েছেন আরও চারজন। গত সোমবার রাতে বগুড়া-নওগাঁ সড়কের কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল গ্রামের দেলোয়ার হোসেন (৫০), তাঁর ছেলে আবদুর রহমান (২৭); তারা মিয়া (৩০), সাদা মিয়া (৩২) লোকমান হোসেন (৩০) ও একই উপজেলার উত্তর ছাতিনামারী গ্রামের মধু মিয়া (৩৫)। তাঁরা সবাই দিনমজুর।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, কাহালু উপজেলার শেখাহার বাসস্ট্যান্ড থেকে ভটভটিযোগে ১২-১৩ জন দিনমজুর বিবিরপুকুর বাজারে যাচ্ছিলেন। পথে রাত সোয়া নয়টার দিকে উপজেলার কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে মারা যান। গুরুতর আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তারা মিয়া। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় সাদা মিয়া, লোকমান হোসেন ও মধু মিয়ার।
আহতরা হলেন সুন্দরগঞ্জের নতুন দুলাল গ্রামের মণ্ডল আলী (৩০), রফিক উদ্দিন (২৭), ছবিরল (৩৫) ও ইউনুস আলী (৩৬)।