বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলার তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়-সংলগ্ন এলাকায় গতকাল শুক্রবার বাসের ধাক্কায় শাহিদার রহমান (৫৫) নামের এক রিকশাভ্যানের চালক নিহত ও তিনজন যাত্রী আহত হয়েছেন। শাহিদারের বাড়ি সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও গাইবান্ধা সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শাহিদার তিনজন যাত্রীসহ ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে গতকাল সকালে তুলসীঘাট বাজার থেকে ভবানীপুর গ্রামে যাচ্ছিলেন। রিকশাভ্যানটি সকাল ১০টার দিকে তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়-সংলগ্ন এলাকায় পৌঁছালে গাইবান্ধা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে রিকশাভ্যানটিতে ধাক্কা দেয়। এতে রিকশাভ্যানের চালক শাহিদারসহ তিনজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শাহিদার রহমানের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন বাসটি জব্দ করে।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদী হাসান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাসটি জব্দ করা হলেও ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পলাতক আছেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।