বাসের ধাক্কায় ভ্যানের চালক নিহত, দুই পরীক্ষার্থী আহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ভর্তি পরীক্ষার্থীসহ তিনজন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম আরমান হোসেন (৪৮)। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর থানায়। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুরগাঁওয়ে থাকতেন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভ্যান চালাতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজধানীর গুলিস্তান থেকে ছেড়ে আসা ধামরাইগামী ডি-লিংক পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটকের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি রাস্তা পারাপারের জন্য সড়কদ্বীপের পাশে অপেক্ষারত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকের মাথায় আঘাত লাগে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা দুই পরীক্ষার্থী ও এক পথচারী আহত হন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী ও পথচারীরা ভ্যানচালককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস তাঁকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, সাভার হাইওয়ে থানার পুলিশ সন্ধ্যার দিকে লাশ নিয়ে গেছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বাসচালককে পাওয়া যায়নি। নিহত ভ্যানচালকের ছেলে শামীম মাহমুদ আশুলিয়া থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। বাসটি পুলিশ হেফাজতে আছে।