বাসের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-মেয়েসহ অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল সোমবার সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আবদুর রউফের স্ত্রী সাহিদা খাতুন (৪৫), মেয়ে সালমা খাতুন (১৭) ও কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৩৫)। এর মধ্যে সাহিদা ও সালমা পাটকলের শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার অটোরিকশাটি আটজন যাত্রী নিয়ে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা থেকে জেলা শহরে যাচ্ছিল। সকাল আটটার দিকে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কের ছয়ঘরিয়া মোড়ে সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস। এতে অটোরিকশাটি সড়কের পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মা সাহিদা ও মেয়ে সালমার মৃত্যু হয়। হাসপাতালে আরেকজন মারা যান।