বাসের ধাক্কায় মেয়ে নিহত, মা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়েরবাগে গত বুধবার রাতে চার বছরের মেয়ে আয়াতের হাত ধরে রাস্তা পার হচ্ছিলেন তার মা রুনু আক্তার। বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় মা ও মেয়ে ছিটকে পড়েন। উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আয়াতকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসাধীন মা রুনু আক্তারের জ্ঞান ফেরেনি।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী সাহীদুজ্জামান প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রুনু আক্তার তাঁর চার বছরের মেয়ে আয়াতের হাত ধরে রায়েরবাগে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী তারাবন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাদের ধাক্কা দিলে তারা রাস্তা থেকে ছিটকে পড়ে আহত হন। চালকসহ বাসটি আটক করা হয়েছে। রুনু আক্তার রায়েরবাগের মেরাজনগরে থাকতেন। তাঁর স্বামী রাসেল মৃধা। মুন্সিগঞ্জের শ্রীনগরের আটপাড়ায় তাঁর ওষুধের দোকান আছে। তাঁদের দুই ছোলেমেয়ের মধ্যে আয়াত ছিল ছোট।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুনুর বিছানার পাশে বিলাপ করছিলেন তাঁর মা লিপি বেগম। তিনি বলেন, ‘ছোট্ট আয়াত এভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবিনি। আয়াত তো চলে গেল, ওর মায়ের অবস্থাও ভালো না। তার জ্ঞান ফিরছে না। আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি। নাতনির লাশের কাছে যাব, নাকি মেয়ের পাশে থাকব।’ তিনি জানান, বুধবার রাতে রুনু টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।