বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আবু বক্কার সিদ্দিক (৪১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী। আজ শুক্রবার বিকেলে খুলনা-বাগেরহাট আঞ্চলিক সড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কাঁঠালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কার সিদ্দিক ফকিরহাট উপজেলার পাগলা দিয়াপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হাওয়া বেগম গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাটের কাটাখালী মহাসড়ক থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল শেখ বলেন, চট্টগ্রাম থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে পার্শ্ব রাস্তা দিয়ে সড়কে উঠতে যাওয়া একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আবু বক্কার সিদ্দিক নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্ত্রী হাওয়া বেগম।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পুলিশ বাসটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
জেলা প্রশাসকের অনুমতিতে নিহত ব্যক্তির মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।