বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া-নওগাঁ সড়কে বীরকেদারের বারোমাইল এলাকায় রোববার বিকেলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হারুনুর রশিদ তালুকদার (২৪) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর বন্ধু সোহেল প্রামাণিক (২০) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। হারুনুর রশিদ দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর তালুকদারপাড়ার মামুন তালুকদারের ছেলে এবং ওয়ার্ড পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে হারুনুর রশিদ ও সোহেল কাহালুর তিনদীঘির হাট থেকে মোটরসাইকেলযোগে দুপচাঁচিয়ায় ফেরার পথে বগুড়া থেকে আক্কেলপুরগামী যাত্রীবাহী বাস তাঁদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের অবস্থার অবনতি ঘটলে সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হারুন তালুকদার মারা যান। আহত সোহেলের অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।