বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৬
চুয়াডাঙ্গা সদরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় রাকিবুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার আকন্দবাড়িয়ায় এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী এবং বাসের চার যাত্রী আহত হয়েছেন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে দুই সঙ্গীসহ চুয়াডাঙ্গা-জীবননগর সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন রাকিবুল। আকন্দবাড়িয়া এলাকায় পৌঁছালে যশোর থেকে চুয়াডাঙ্গাগামী কেজিএন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তিনি আরোহী ছিটকে পড়েন। এতে রাকিবুল ঘটনাস্থলেই মারা যান। আর তাঁর সঙ্গী আসিফ হোসেন (২০) ও সজীব হাসান (২১) আহত হন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটিও সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসযাত্রী টুটুল (২৫), আবদুল মতিন (৫০), আবু তাহের (৩৫) ও চালকের সহকারী আবদুল বারেক (৪০) আহত হন।
নিহত রাকিবুলের গ্রামের বাড়ি জেলার দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান প্রথম আলোকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।