বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম অহিদুর (২৮)। পিকআপ ভ্যানের চালক অহিদুর তেজগাঁও বস্তি এলাকায় বসবাস করেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নীরব নামে অহিদুরের এক স্বজন বলেন, দুপুরে কাজ শেষে বাসায় ফিরছিলেন অহিদুর। ফার্মগেট বাসস্ট্যান্ডের সামনের সড়কে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন তিনি। এ সময় পেছন থেকে বিআরটিসির একটি দোতলা বাস অহিদুরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা তিনটার দিকে অহিদুর মারা যান। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।
এদিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধ মারা গেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। তাঁর পরনে ছিল লাল রঙের শার্ট ও লুঙ্গি।