বাসের ধাক্কায় রাজউকের কর্মকর্তা নিহত
রাজধানীর গুলশান এলাকায় গতকাল সোমবার সকালে বাসের ধাক্কায় আবদুল কাদের (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পের একজন তদারককারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাদের স্ত্রী ও তিন সন্তান নিয়ে খিলক্ষেতের পাতিরা বাজারে বাস করতেন। গতকাল সকাল ১০টার দিকে তিনি মোটরসাইকেলে করে রাজউকের কার্যালয়ে যাচ্ছিলেন। কাকলী ট্রাফিক মোড়ে এলে মহাখালীগামী পিপিএল এক্সক্লুসিভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বাসচালক জাহাঙ্গীর ও চালকের সহযোগী বাতেনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গুলশান থানার এসআই হুমায়ুন কবীর মুঠোফোনে বলেন, নিহত কাদেরের মানিব্যাগে থাকা কাগজপত্র দেখে পুলিশ তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। পরে রাজউক ও তাঁর পরিবারকে ফোনে খবর জানানো হয়। সূত্র জানায়, নিহত আবদুল কাদেরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার টেকুরিয়ায়। লাশ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।