বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানার তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৫। আহত ব্যক্তিরা হলেন আরেক রিকশাচালক আরজু (২৫), টেম্পোযাত্রী বাবলা শীল (২৫) ও সালাউদ্দিন (১৮)। বাসটি জব্দ ও চালকের সহকারী আবদুল মান্নানকে (৩০) আটক করেছে পুলিশ। তবে বাসচালক পালিয়েছেন। বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) পান্নালাল বড়ুয়া প্রথম আলোকে জানান, চট্টগ্রাম-বাঁশখালী পথে চলাচলকারী ‘নয়নতারা বিলাস’ সার্ভিসের একটি বাস কর্ণফুলী তৃতীয় সেতু পার হয়ে গোলচত্বর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি দুটি রিকশা ও একটি টেম্পোকে ধাক্কা দেয়। এ সময় দুই টেম্পোযাত্রী ও দুই রিকশাচালক গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে অজ্ঞাতপরিচয়ের এক রিকশাচালককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাকলিয়া থানায় গতকাল মামলার প্রক্রিয়া চলছিল।