বাসের ধাক্কায় র্যা ব সদস্যের মৃত্যু
রাজধানীর উত্তরায় গতকাল শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩১) নামে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) এক সদস্য মারা গেছেন। হাবিবুরের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরিপার গ্রামে। তিনি র্যা ব সদর দপ্তরের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
উত্তরার জসিম উদ্দিন মোড়ের পূর্ব পাশে ডাচ্-বাংলা ব্যাংকের সামনে ভোর সাড়ে পাঁচটায় একটি দ্রুতগতির বাস তাঁকে ধাক্কা দেয়। এ ঘটনায় উত্তরা মডেল থানায় অজ্ঞাতনামা গাড়িচালকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। হাবিবুর ছুটিতে বাড়ি যাচ্ছিলেন বলে জানিয়েছেন পুলিশ ও র্যা ব সদস্যরা।
দুর্ঘটনাটি ঘটে উত্তরা মডেল থানার আওতাধীন এলাকায়। তবে তাঁকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যান উত্তরা (পশ্চিম) থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তফাজ্জল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাবিবুর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি ছিটকে রাস্তার পাশে পড়েন। আশপাশের লোকজনের চিৎকার শুনে প্রায় ২০০ গজ দূর থেকে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাবিবুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান উত্তরা মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, হাবিবুরের পকেটে সাত দিনের ছুটির একটি পত্র পাওয়া গেছে। এ ছাড়া তাঁর সঙ্গে বাড়ি যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ একটি ব্যাগ পাওয়া যায়।
ময়নাতদন্ত শেষে দুপুর সাড়ে ১২টায় হাবিবুরের জানাজা র্যা ব সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এরপর তাঁর লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
র্যা বের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, হাবিবুর বাড়িতে যাওয়ার জন্য ফজরের নামাজের পর ব্যারাক থেকে বের হয়েছিলেন। এরপরই দুর্ঘটনাটি ঘটে। তাঁর দুই ছেলে রয়েছে। গাড়ি ও গাড়ির চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।