বাসের ধাক্কায় শিশু নিহত, ক্ষুব্ধ জনতার আগুন
রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ বুধবার বাসের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন দিয়েছে। বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশের ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হাসান মোস্তফা স্বপনের ভাষ্য, দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রান্স সিলভা পরিবহনের বাস থেকে একটি ছেলে নামছিল। তার আনুমানিক বয়স ১২ বছর। এ সময় পেছন থেকে ভিআইপি-২৭ নামের আরেকটি বাস এসে ছেলেটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন এসে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ক্ষুব্ধ জনতা ওই দুই বাসের চালককে ধরে পিটুনি দেয় এবং ভিআইপি-২৭ নামের বাসটিতে আগুন ধরিয়ে দেয় ।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, পুলিশ গিয়ে বাসের চালক দুজনকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে আসে। আহত ছেলেটি বেলা দুইটার দিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।