বাসের ধাক্কায় সংবাদপত্র বিক্রেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলির ইত্তেফাক মোড়ে বাসের ধাক্কায় একজন সংবাদপত্র বিক্রেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম আয়নাল হক (৩৫)। আজ সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। চালক, তাঁর সহকারীসহ বাসটিকে আটক করেছে পুলিশ।

ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (ওয়ারী জোন) ফয়সল মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ সকালে টিকাটুলি ইত্তেফাক মোড় এলাকায় বঙ্গভবনের পাঁচ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আয়নাল। তখন মিরপুর-সায়েদাবাদ রুটে চলাচলকারী বেষ্ট ট্রান্সপোর্টের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক আয়নালকে মৃত ঘোষণা করেন।

ফয়সল মাহমুদ জানান, ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরা চালক আবদুস সাত্তার, তাঁর সহকারী হজরত আলীসহ বাসটিকে আটক করে মতিঝিল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে আয়নাল নাখালপাড়ায় থাকতেন। ময়নাতদন্তের জন্য আয়নালের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মতিঝিল থানার এসআই নিশাত জাহান।