বাসের ধাক্কায় স্কুলছাত্র আহত অবরোধ, বাসে আগুন
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাইট বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্র আহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। রাজু নামের ওই ছাত্র ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধস্বর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে ভাইট বাজার ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে রাজু পরীক্ষা দেওয়ার জন্য স্কুলের দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী পালকী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় তার একটি কান দিয়ে রক্ত বের হতে থাকে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ঝিনাইদহ সদর ও পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন লাগিয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।