বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মিলন মণ্ডল (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অনীক চৌধুরী নামে আরেক স্কুলছাত্র আহত হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে ভেন্নাবাড়ির বটতলা এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন ও অনীক ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। মিলন সাতপাড় ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের দেবেন মণ্ডলের ছেলে। আহত অনীককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই স্থানে গতিরোধক নির্মাণ ও দোষীদের সাজার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে মিলন ও অনীক ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চ বিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় মাদারীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস সাইকেল আরোহী ওই দুই শিক্ষার্থীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মিলন নিহত হয় এবং অনীক গুরুতর আহত হয়। হতাহতের খবর স্কুলে ও এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী ওই স্থানে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে বেলা একটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দিন বিচারের প্রতিশ্রুতি ও ঘটনাস্থলে গতিরোধক নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, চালক, সুপারভাইজার ও চালকের সহকারী এবং বাসটি আটক করা হয়েছে।