বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত সড়ক অবরোধ
সিলেটের দক্ষিণ সুরমায় গতকাল শুক্রবার একটি যাত্রাবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সিলেট-সুনামগঞ্জ সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে।নিহত স্কুলছাত্রের নাম রনি আহমদ (৬)। সে দক্ষিণ সুরমার হাজরাই গ্রামের নজরুল মিয়ার ছেলে এবং হাজরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের হাজরাই নামক স্থানে গতকাল বেলা দুটার দিকে রনিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে। খবর পেয়ে দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান লোকমান আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মকন মিয়া দক্ষিণ সুরমা থানার পুলিশসহ ঘটনাস্থলে যান। পুলিশ শ্যামলী পরিবহনের বাস ও চালককে আটক করার প্রতিশ্রুতি দিলে বিকেল পাঁচটার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রহ্জন সামন্ত জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বাসটির চালককে আটক করতে সিলেট ও সুনামগঞ্জ থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে।