বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের ব্যাংকালী এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মুক্তার হোসেন (৭০) ও তাঁর স্ত্রী মোসাম্মৎ জাহানারা বেগম (৫৫) এবং তাঁদের নিকটাত্মীয় রেজাউল ইসলাম (৪২)।
মুক্তার হোসেন জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার বাসিন্দা ছিলেন৷ আর রেজাউল ইসলাম হলেন মুক্তার হোসেনের ছেলের শ্যালক৷ তাঁর বাড়ি খানসামা উপজেলায়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হিপজুর আলম মুন্সি বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের হস্তক্ষেপে লোকজন সেখান থেকে চলে যান৷ তিনি জানান, লাশ তিনটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ পরে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের লিখিত অনুরোধে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ তিনটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে৷ এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে৷
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্র জানায়, মুক্তার হোসেন ও জাহানারা বেগম ডায়াবেটিসের রোগী৷ তাঁরা নিয়মিত পরীক্ষার জন্য গতকাল সকাল সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে করে রানীরবন্দর থেকে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে যাচ্ছিলেন৷ পথে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে৷ এতে মোটরসাইকেলের পেছনে বসা মোক্তার হোসেন ও তাঁর স্ত্রী জাহানারা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান৷ মোটরসাইকেলচালক রেজাউল ইসলাম গুরুতর আহত হন৷ তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান৷