বাসের নিচে আরোহী মোটরসাইকেল, তবু থামল না বাসটি
সড়ক ভবন থেকে রমনা পার্কের সামনের সড়কে ওঠামাত্রই দ্রুতগামী মিনিবাসের সামনের বাম্পারে আটকে যান মোটরসাইকেলসহ আরোহী গিয়াসউদ্দীন (৬৫)। চালক বাস না থামিয়ে তাঁদের হেঁচড়ে নিয়ে যেতে থাকেন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তারা চিৎকার করে বাসটি থামানোর চেষ্টা করে, কিন্তু চালক শোনেননি। একপর্যায়ে মোটরসাইকেলটি পুরোপুরি বাসের নিচে চলে গেলে বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান চালক। জনতা তখন বাসের নিচ থেকে টেনে বের করেন গিয়াসউদ্দীনের রক্তাক্ত মৃতদেহ। তাঁর নীল রঙের মোটরসাইকেলটির ওপর চেপে ছিল বাসটি।গতকাল রোববার দুপুরে রমনায় সড়ক ভবনের সামনের ঘটনা এটি। এ নিয়ে এক সপ্তাহে রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ চার মোটরসাইকেল-আরোহী মারা গেলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, নিহত গিয়াসউদ্দীন মনিকো কোম্পানি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। কোম্পানির কাজেই গতকাল তিনি সড়ক ভবনে এসেছিলেন। সেখান থেকে বের হওয়ার সময়ই গুলিস্তান-চিড়িয়াখানা রুটের একটি বাসের নিচে চাপা পড়েন। পুলিশ রেকার এনে বাসটি সরিয়ে নেয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, প্রথমে বাসটি থামালে বেঁচে যেতেন মোটরসাইকেলের আরোহী। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, গিয়াসউদ্দীন মোহাম্মদপুরের টিক্কাপাড়ায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর গ্রামের বাড়ি যশোরে। শাহবাগ থানার পুলিশ জানায়, বাসটির চালক পালিয়ে গেছেন।এর আগে গত শুক্রবার বনানী চেয়ারম্যান বাড়ির সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হন তরুণী গৃহবধূ স্মৃতি হায়দার ও তাঁর ১১ মাসের মেয়ে স্নিগ্ধা। গত বুধবার যাত্রাবাড়ীতে বাসচাপায় নিহত হন মোহাম্মদপুর থানা পুলিশের কনস্টেবল দেলোয়ার হোসেন।