বাসের ফাঁদে ট্রেন যাত্রীরা ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও ঢাকা মেইল এবং সিলেটগামী উদয়ন ছাড়ে প্রতিদিন রাত পৌনে ১০টা থেকে ১১টার মধ্যে। এ সময়টায় চট্টগ্রাম স্টেশন সড়কের ওপর ফাঁদ পাতার অভিযোগ উঠেছে দূরপাল্লার কয়েকটি কোম্পানির গাড়ির পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে।
ট্রেনযাত্রার আগে রাস্তার ওপর যাত্রীবাহী দূরপাল্লার বাস আড়াআড়ি করে রাখার কারণে প্রতিদিন অনেক যাত্রী ট্রেন ধরতে পারেন না। ফলে ওই যাত্রীরা বাসে চড়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী যাত্রী ও রেলের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম স্টেশন সড়কের বিআরটিসি এলাকার কাছেই রাত সাড়ে নয়টায় যানজট সৃষ্টি করা হয়। এই যানজটের স্থায়িত্ব থাকে কমপক্ষে দেড় ঘণ্টা। ফলে টাইগারপাস, কদমতলী, বাটালী রোড থেকে স্টেশনমুখী গাড়িগুলো বিআরটিসি এলাকার সামনে আটকা পড়ে যায়। তখন স্টেশনমুখী অনেকে যানজটের মধ্যে আটকা পড়েন।
হালিশহরের বাসিন্দা আবু সুফিয়ান বলেন, ‘তূর্ণা নিশীথা ট্রেনে যাওয়ার জন্য দুজনের টিকিট করেছিলাম। গত সোমবার চট্টগ্রাম স্টেশন থেকে রাত ১১টায় ট্রেনটি যাত্রা করে। আমরা ১ ঘণ্টা ১০ মিনিট আগে হালিশহর থেকে সিএনজিচালিত অটোরিকশায় স্টেশনের দিকে যাই। বিআরটিসিতে পৌঁছার পর আমাদের গাড়ি যানজটে আটকা পড়ে। প্রায় ১৭-১৮ মিনিট ওই জটে আটকেছিলাম। ততক্ষণে তূর্ণা চট্টগ্রাম ছেড়ে চলে যায়। আমরাও ট্রেন ধরতে পারিনি। আমার সঙ্গী বিআরটিসি থেকে দূরপাল্লার বাসে ঢাকায় যান। আমি বাসায় ফিরে যাই।’
আগ্রাবাদের বাসিন্দা রেজাউর রহমান বলেন, ‘স্টেশন সড়কের বিআরটিসির কাছে রাতের দিকে দূরপাল্লার বাসগুলো আড়াআড়ি করে রাখা হয়। এতে স্টেশনমুখী সব গাড়ি দীর্ঘক্ষণ আটকা পড়ে। আমি নিজেও শনিবার রাত সাড়ে ১০টার ঢাকা মেইল ট্রেনে করে ঢাকা যেতে পারিনি।’
রেলওয়ে কর্মকর্তারা জানান, প্রতি রাতে তিনটি ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে দূরপাল্লার বাসগুলো স্টেশন সড়কের বিআরটিসির কাছে আড়াআড়ি করে রাখা হয়। যাঁরা টিকিট কেটে ট্রেন ধরতে পারেন না, তাঁরা বাধ্য হয়ে ওই কোম্পানির গাড়ির টিকিট কেটে ঢাকায় যান। এই সমস্যা এক দিন বা এক সপ্তাহের নয়। মাসের পর মাস ফাঁদ পেতে ট্রেনের যাত্রী হাতিয়ে নেওয়া হচ্ছে।
নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত বাণিজ্যিক কর্মকর্তা রাশিদা সুলতানা গণি বলেন, ‘দূরপাল্লার গাড়িগুলো স্টেশন সড়কের বিআরটিসি এলাকায় ফাঁদ পেতে ট্রেনের যাত্রী হাতিয়ে নিচ্ছে। আমি নিজেও বিআরটিসির কাছে যানজটে আটকা পড়ে কিছুদিন আগে ট্রেন ধরতে পারিনি।’
অভিযোগের জবাবে শ্যামলী পরিবহনের ব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন, ‘আমরা বিআরটিসি থেকে দূরপাল্লার যাত্রী পরিবহন করছি। অথচ কোনো বাস টার্মিনাল নেই। বাধ্য হয়ে রাস্তার ওপর যাত্রী ওঠানামা করছে। এ কারণে যানজট হচ্ছে। তবে সেটা ইচ্ছাকৃত নয়।’
ইউনিক পরিবহনের ব্যবস্থাপক তারিক আজিজ যানজটের জন্য সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে দায়ী করেন। তিনি বলেন, ‘দূরপাল্লার গাড়ি যানজটের দায়ী নয়।’