বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি খান দিঘি এলাকায় আজ শুক্রবার সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। আহত ব্যক্তিদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন চকরিয়ার নূরুল আমিন, মহেশখালীর মো. ইসহাক ও অজ্ঞাতনামা ছয় মাসের এক শিশু।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রামমুখী আমিন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারমুখী সুপার বাস সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই দুই বাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে।