বাসের যাত্রীরাও এবার ট্রেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাঁরা সাধারণত বাসে বাড়ির পথ ধরেন, তাঁরা এবার ট্রেনকে বেছে নিয়েছেন। ফাইল ছবি
যাঁরা সাধারণত বাসে বাড়ির পথ ধরেন, তাঁরা এবার ট্রেনকে বেছে নিয়েছেন। ফাইল ছবি

সাধারণত ঈদযাত্রায় বাসের চেয়ে ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকে। সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি, সড়কের অবস্থাসহ কয়েকটি কারণে এবার ট্রেনের টিকিটের চাহিদা আরও বেশি। বাস ও ট্রেনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন ধারণাই মিলছে।

এবারে ঈদ হচ্ছে ২ সেপ্টেম্বর। বাস ও ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া শুরু হয় ১৮ আগস্ট থেকে। রাজধানীর কলেজ গেট এলাকার বাসিন্দা আরমান হোসেন নিজে বগুড়া যাওয়ার জন্য ৩০ আগস্ট ট্রেনের টিকিটের লাইনে দাঁড়ান। ওদিকে তিনি ওই দিন পরিবারের আরেক সদস্যের মাধ্যমে বাসের টিকিটও সংগ্রহ করেন। এ বিষয়ে জানতে চাইলে আরমান বলেন, ‘বাস ও ট্রেনের টিকিট একসঙ্গে সংগ্রহ করেছি। ট্রেনের টিকিট পাব কি না, তার নিশ্চয়তা ছিল না। এখন একই দিনে বাস ট্রেনের টিকিট পাওয়ায় বাসের টিকিট বিক্রির জন্য লোক খুঁজছি। তাঁর কথা, এবারে সড়কের অবস্থা খারাপ আর সম্ভাব্য যানজটে পড়ার কথা চিন্তা করে বাসে যাচ্ছি না।’
অনেক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেল, যাঁরা সাধারণত বাসে বাড়ির পথ ধরেন, তাঁরা এবার ট্রেনকে বেছে নিয়েছেন। এ কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেশি। অনেক পরিবহন মালিক এবারের ঈদে বাসের সংখ্যা কমিয়ে দিয়েছেন।
কল্যাণপুরের বাসিন্দা জমির হোসেন বলেন, তিনি ৩১ আগস্ট দিনাজপুর যাবেন। সে অনুযায়ী ট্রেনের টিকিটও কেটেছেন। তিনি আরও বলেন, ‘এবারই প্রথমবারের মতো ট্রেনে বাড়ি যাব। আগে সব সময় বাসে গিয়েছি। এবার যেভাবে যানজটের খবর পাচ্ছি, তাতে বাসে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছি।’
জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, সড়কপথ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবার যেকোনো ঈদ থেকে ট্রেনে যাত্রীদের চাপ বেশি। প্রচুর মানুষ বাসে না গিয়ে ট্রেনের টিকিট সংগ্রহ করেছেন। তবে অনেকে প্রত্যাশিত টিকিট না পেয়ে ফিরে গেছেন।
হাবিবুর রহমান নামের একজন বলেন, তিনি এস আর ট্রাভেলসে ৩০ আগস্টের টিকিট কাটতে গিয়ে শোনেন ৩০ ও ৩১ তারিখের টিকিট তারা দিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে এস আর ট্রাভেলসের একজন কর্মকর্তা বলেন, ‘ভাই, রাস্তার বেহাল। যে বাস ঢাকা ছেড়ে যাচ্ছে, তা সঠিক সময়ে আসছে না। ১০ ঘণ্টার পথ লাগছে ১৫ ঘণ্টা। এ অবস্থায় টিকিট ছাড়ার ঘোষণা দিয়েও বাস বন্ধ করে দিতে হয়েছে।’
একই বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুস সামাদ মণ্ডল প্রথম আলোকে বলেন, গত ঈদে উত্তরবঙ্গের রুটগুলোতে দৈনিক সোয়া দুই শ পর্যন্ত ট্রিপ চালানো হয়েছে। এবার তা ১৭০-এ নামিয়ে আনা হয়েছে। প্রতি রুটেই দুই-তিনটি করে ট্রিপ কমেছে।
তাঁর কথা, ‘এমনিতে ঈদের সময়ে দুই-তিন ঘণ্টা দেরিতেই যাত্রীরা অস্থির হয়ে ওঠেন। সেখানে যদি কাউকে সাত-আট ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাহলে তো সবার জন্যই বিপদ। তাই বেশি পরিমাণে আগাম টিকিট বিক্রি করে আমরা কাউকে বেকায়দায় ফেলতে চাই না।’