ঢাকায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে জিরো পয়েন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন আলামিন (২৫), শামসুল হক (৫২), রফিক (৪০), পরীবানু (৪০), কামাল (২০), ইসমাইল (৪০) ও সজল (২৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আহত ব্যক্তিদের সকাল সাতটার দিকে হাসপাতালে আনা হয়। সাতজনই হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ জানায়, ৮ নম্বর সড়কপথের যাত্রীবাহী বাসটি যাত্রাবাড়ীর দিক থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল কাভার্ড ভ্যানটি। জিরো পয়েন্টের সামনে যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় বাসের মালিক মো. কামাল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন।

শাহবাগ থানা সূত্র জানায়, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক।