বাসের সঙ্গে ধাক্কায় ট্রেনের পাঁচ যাত্রী আহত
জামালপুর সদর উপজেলার শেখেরভিটা লেভেল ক্রসিংয়ে একটি পিকনিকের বাসের সঙ্গে ধাক্কায় ট্রেনের পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁরা ট্রেনটির ইঞ্জিনে ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার দুরমুঠ এলাকার সাহেব আলী (৩৫), মালঞ্চ এলাকার মোহাম্মদ উল্লাহ (৩৮), ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার মো. দুলন মিয়া (৪০), দেওয়ানগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের কবীর হোসেন (৩০) ও মাদারগঞ্জ উপজেলা কইড়া গ্রামের শামিম হোসেন (৩০)। তাঁদের মধ্যে কবীর হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে মাদারগঞ্জ থেকে আসা পিকনিকের একটি বাস শেখেরভিটা লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। বাসটির পেছনের অংশে ধাক্কা লাগার কারণে যাত্রীরা হতাহত হননি।
কিন্তু ট্রেনটির ইঞ্জিনে থাকা পাঁচজন যাত্রী রেললাইনের পাশে পড়ে যান। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ট্রেন ও বাসটির তেমন ক্ষতি হয়নি।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্রেন চলে গেছে। কেউ অভিযোগ করেননি।