বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষে ৮ জন নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের আইগবাড়ী পারকোলা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে বাসের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। তারা সবাই ধানকাটা শ্রমিক বলে জানা গেছে।নিহত ব্যক্তিরা হলেন, সাইদুর রহমান (৪০), মোমিন (৩৮), আজিজুল (২৫), আক্কাস (২২), রবিউল (৩৭), ফারুক (২২), সুরুজ আলী (৩০) ও বারেক (২৫)। তাঁদের সবার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। আহত ব্যক্তিদের শাহজাদপুরের পোতাজিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন গ্রামের ২৯ জন শ্রমিক একটি নছিমনে করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধান কাটতে যাচ্ছিলেন। নছিমনটি শাহজাদপুরের আইগবাড়ী পারকোলায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী তিজার পরিবহনের একটি দ্রুতগামী বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান নছিমনের আটজন যাত্রী।খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করে। এ সময় প্রায় আধাঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। শাহজাদপুর সার্কেলের এএসপি মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক করা হয়েছে বাসটি।