বাসের সঙ্গে সংঘর্ষ, অটোরিকশার ৫ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা চৌমুহনী এলাকায় আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন মারা গেছে। তাঁদের মধ্যে দুজন শিশু। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

নিহত ব্যক্তিরা হলো সিএনজির চালক সাইফুল ইসলাম (২৫), যাত্রী রুপনা সেন (২৫) ও মিলটন সেন (৩০)। শিশু দুজন হচ্ছে অনিক সেন (৭) ও কাকন সেন (৫)।
পটিয়া হাইওয়ে পুলিশের এস আই হারুনুর রশিদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত পুলিশ অফিসার মোহাম্মদ তৌহিদ মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত লোকজনের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে প্রবাসী কাঞ্চন সেন তাঁর তিন ভাইয়ের পরিবারের লোকজন নিয়ে অটোরিকশায় বাঁশখালীতে তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিল। এ সময় তাঁর দুই ভাই, দুই ভাইয়ের স্ত্রী, ছেলে ও আরেক ভাইয়ের ছেলেসহ মোট ৮ জন অটোরিকশায় ছিল। তারা পটিয়ার মনসা চৌমুহনী এলাকায় পৌঁছালে দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।