বাসের সঙ্গে সংঘর্ষ অ্যাম্বুলেন্সের দুজন আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চর ধুকুন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ১৫ জন। নিহতরা হলেন: ধুকুন্দি গ্রামের শাহাদত মিয়ার ছেলে ইমাম হোসেন (১৮) ও অ্যাম্বুলেন্সের চালক ময়মনসিংহের আরিফ মিয়া (২৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মহাসড়কের চর ধুকুন্দির চারাবাগ এলাকায় ঢাকা থেকে বাজিতপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকসহ দুই আরোহী মারা যান। স্থানীয় লোকজন বাস ও অ্যাম্বুলেন্সের কমপক্ষে ১৫ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ভৈরব মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম দুজনের মৃত্যুর ঘটনা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।