বাসের সঙ্গে সংঘর্ষ, ট্রাকের চালক ও সহকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বত্রিশমাইল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আজ সোমবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক জাহেদুল ইসলাম (৩০) ও তাঁর সহকারী মিজান মিয়া (২৫)। জাহেদুলের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও এবং মিজানের বাড়ি টাঙ্গাইলের শ্রীপুর এলাকায়। এ দুর্ঘটনায় আহত আটজনই বাসের যাত্রী।
সাদুল্যাপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রোমার এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় যাচ্ছিল। সকাল সাতটার দিকে ধাপেরহাট বত্রিশমাইল এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় জাহেদুল ও মিজান গুরুতর আহত হন। এ ছাড়া বাসের আট যাত্রী আহত হন।
জাহেদুল পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। আর মিজান পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত বাসযাত্রীদের উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। জাহেদুল ও মিজানের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।