বাসের সঙ্গে সংঘর্ষ, নসিমনের তিন যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে শাশুড়ি-পুত্রবধূসহ তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহত লোকজনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আজ রোববার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই নসিমনের যাত্রী। তাঁরা পার্শ্ববর্তী চন্দ্রবাস গ্রাম থেকে স্বজনের লাশ দেখে ফিরছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের মো. কালু চেরাকীর স্ত্রী ছলেহার বেগম (৫০) ও তাঁর ছেলে রবিউল ইসলামের স্ত্রী মঞ্জিলা খাতুন (২৫) এবং একই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী ভেজালী খাতুন (৩০)। আহতরা হলেন মুন্সীপুর গ্রামের শুকুর আলী (৪০), হায়দার আলী (৩৫), মকছেদ আলী (৪৫), সামেনা বেগম (৪৫), উম্মে খাতুন (৫০), খয়রুন্নেছা (৩০), মনোয়ারা বেগম (৫০), সাহিদা খাতুন (৩৬), হাবিবা খাতুন (৩০) ও  রবিউল ইসলাম (৩৫) এবং পার্শ্ববর্তী কানাইডাঙ্গা গ্রামের আয়েশা বেগম (৫৫) ও  কুতুবপুর গ্রামের মাজেদা বেগম (৪৫)।

আহতদের মধ্যে প্রথম চারজনকে স্থানীয় একটি ক্লিনিকে এবং শেষের আটজনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদ উর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত সবার অবস্থা গুরুতর।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামে নিকটাত্মীয়ের লাশ দেখে নসিমনে করে ফেরার পথে কানাইডাঙ্গায় গরীবুল্লাহ শাহ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ঘটনাস্থলেই ছলেহার বেগম ও মঞ্জিলা খাতুন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়ার পথে ভেজালী খাতুনের মৃত্যু হয়। তবে বাস ও বাসের চালককে আটক করা যায়নি। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।