বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। গত সোমবার এই ঘটনা ঘটে। মৌলভীবাজারের কমলগঞ্জে ইটবোঝাই একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যাওয়ার ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।
নিহত অটোরিকশাচালকের নাম সেলিম মিয়া (২০)। তিনি মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে গৌরীপুর এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে সেলিম মিয়া গ্যাস নেওয়ার জন্য অটোরিকশা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সেলিম মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। সেলিম মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
গত সোমবার বিকেল চারটায় শমশেরনগর-মৌলভীবাজার সড়কের ধীতেশ্বর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশার পাঁচ যাত্রীর মধ্যে রফিক মিয়া (৭০) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাকি চার যাত্রীও আহত হন। এঁদের মধ্যে গুরুতর আহত মৌলভীবাজার সদরের সাজ মিয়া (৩৭) গত সোমবার রাত নয়টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।