টাঙ্গাইলে প্রতিবন্ধী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাসের সুপারভাইজার এরশাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আশিকুজ্জামান আজ মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।
গতকাল সোমবার ভোরে এরশাদকে (৪০) গ্রেপ্তার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ। কালিহাতী উপজেলার বেনুকুর্শা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এরশাদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করে পুলিশ। গতকাল দুপুরে তাঁকে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত। আজ শুনানি শেষে এরশাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে টহলরত পুলিশ দল এলাকার নৈশপ্রহরী মাধ্যমে জানতে পারে, বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতর নারীর কান্না শোনা যাচ্ছে।
খবর পেয়ে পুলিশের টহল দল বাসটিতে গিয়ে প্রতিবন্ধী এক নারীকে উদ্ধার করে। ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশকে জানান। পরে পুলিশ ওই বাসের চালকের সহকারী নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন শুক্রবার উপপরিদর্শক (এসআই) নুরে আলম বাদী হয়ে বাসের চালক আলম খন্দকার ও সহকারী নাজমুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় চালক আলম খন্দকারের বিরুদ্ধে ধর্ষণ এবং সহকারী নাজমুলের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়।
শুক্রবার সন্ধ্যায় নাজমুলকে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। তিনি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। নাজমুলের জবানবন্দিতে এই ঘটনায় সুপারভাইজার এরশাদের জড়িত থাকার তথ্য বেরিয়ে আসে।
ধর্ষণের শিকার নারীকে গত সোমবার তাঁর ভাই নিজের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করার পর তাঁকে (নারী) তাঁর ভাই নিয়ে যান।