বাসের ১১ শিশু যাত্রীর সবাই বেঁচে গেছে
খুলনার কয়রার বানু বেগম (৩০) ঢাকায় যাচ্ছিলেন পাঁচ বছরের মেয়ে বৃষ্টিকে নিয়ে। ‘হঠাত্ দেখলাম বাসটি রাস্তার ডান দিকে চলে যাচ্ছে। বৃষ্টি আমার কোলেই ছিল। এ অবস্থা দেইখা বৃষ্টিকে ভালো করে কোলের মধ্যে জড়ায় ধইরা আল্লাহর উদ্দেশে বলি, তুমি আমারে নিয়া যাও। কিন্তু আমার বাচ্চারে বাঁচায় রাখো। দুর্ঘটনায় বৃষ্টির গায়ে সামান্য আঁচড়ও লাগেনি।’ ফরিদপুরের কানাইপুরের দিগনগরে ঢাকা-খুলনা মহাসড়কে গত বৃহস্পতিবার রাতে খুলনার পাইকগাছা থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাস কীভাবে দুর্ঘটনায় পড়ল, সে কথা বলছিলেন তিনি। ওই দুর্ঘটনায় বাসের ১৭ আরোহী নিহত হয়। কিন্তু বেঁচে গেছে ওই বাসের ১১ শিশু যাত্রী। এদের কেউ কেউ আহত হলেও কারও অবস্থা তেমন গুরুতর নয়।খুলনার গোলনা এলাকার সালমা বেগম (২৫) ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। তিনি তাঁর দুই ছেলে দেড় বছরের মতিন ও তিন বছরের সাব্বিরকে নিয়ে ওই বাসে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় মতিন সামান্য আহত হলেও সাব্বির অক্ষত।বাসযাত্রী মরিয়ম বেগমের (৩০) বাড়ি কয়রায়। তিনি ঢাকায় একটি ইটের ভাটায় কাজ করেন। বাসে তাঁর সঙ্গে ছিলেন স্বামী সিরাজুল, এক মাসের ছেলে মিলন ও দেড় বছরের সাকিব এবং তাঁর বোনের ১৪ মাসের মেয়ে শারমিন। মরিয়ম জানান, দুর্ঘটনার সময় তিনি ঘুমাচ্ছিলেন। দুর্ঘটনার পর মিলন তাঁর কোলেই ছিল। তাঁর স্বামী রক্ষা করেন শারমিনকে। আর সাকিবকে পরে হাসপাতালে খুঁজে পান। সাকিব মাথায় আঘাত পেয়েছে।বাসের যাত্রী ময়না বেগমের (২২) বাড়ি পাইকগাছা। তিনি স্বামী মোফাজ্জেল ও তিন সন্তান এক বছরের মণি, চার বছরের বন্যা ও সাত বছরের বৃষ্টিকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় বন্যা ছিল বাবার কোলে, মণি মায়ের কোলে।ময়না বেগম জানান, ‘দুর্ঘটনার সময় আমি জাইগা ছিলাম। হঠাত্ দেখি সামনে একটা ট্রাক। আমাগো বাসটি নিচের দিকে নামতে থাকে। দুর্ঘটনার পর ওই জায়গায় কোনো বাচ্চারে পাই নাই। হাসপাতালে আইসা সকলকে খুঁইজা পাই।’কামেলা বেগম (৩০) ঢাকায় একটি ইটভাটায় কাজ করেন। তাঁর সঙ্গে ছিল ছয় বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘দেখলাম, গাড়ি ডান দিকে ছুইটা যাইতেছে। দুর্ঘটনায় আমি অজ্ঞান হয়ে পড়ছিলাম। পরে মেয়েকে খুঁজে পাই।’বাসের যাত্রী হয়ে ঢাকা যাচ্ছিলেন রওশন আরা (২৫)। তাঁর কোলে ছিল চার বছরের মেয়ে সোনিয়া। তিনি জানান, ‘দুর্ঘটনার সময় শিশুকে নিয়া ঘুমায় পড়ছিলাম। দুর্ঘটনার পর সোনিয়াকে খুঁজে পাই ঘটনাস্থল থেকে একটু দূরে।’ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে মাথায় আঘাত নিয়ে চিকিত্সাধীন রয়েছে ছয় বছরের একটি ছেলে। মাথায় আঘাত পেয়ে সে অচেতন হয়ে রয়েছে। গতকাল পর্যন্ত তার পরিচয় মেলেনি। হাসপাতালের খাতায় তাকে ‘অজ্ঞাত’ হিসেবে রাখা হয়েছে।