বাস্কেটবল টুর্নামেন্ট
আট বছর পর রাজশাহীতে আবার শুরু হচ্ছে জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আসর। আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী জেলা জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। উদ্বোধনী দিনেই রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে চট্টগ্রাম ও ঢাকা জেলা এবং জেলা জিমনেশিয়ামে খুলনা ও যশোর জেলা মুখোমুখি হবে। প্রথম দিনে আরও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে বাস্কেটবল আসরের বিভিন্ন দিক তুলে ধরেন জাতীয় বাস্কেটবল পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক খায়রুল আলম ফরহাদ। বর্তমান চ্যাম্পিয়ন নৌবাহিনী, রানার্সআপ সেনাবাহিনী এবং বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। ২৬ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।