বাস্তব বিশ্বে গণিত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ‘বাস্তব বিশ্বে গণিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ ও বাংলাদেশ গণিত সমিতির যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল ১০টার দিকে গণিত বিভাগের গ্যালারিকক্ষে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক সাজেদা বানু। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবদুর রব।
সেমিনারে বাস্তব বিশ্বে গণিতের প্রয়োজন ও প্রয়োগ-সম্পর্কিত ১১টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এসব গবেষণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকেরা।
সেমিনারের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমেই সেসব দেশে উন্নয়ন হয়েছে। আর গণিত ছাড়া বিজ্ঞানের অগ্রগতি সম্ভব নয়। তাই বাংলাদেশের উন্নয়নের জন্যও প্রয়োজন গণিত ও বিজ্ঞানের অগ্রগতি।
দিনব্যাপী এ সেমিনার বিকেল চারটার দিকে শেষ হয়।