শুদ্ধাচার পরিকল্পনার অনেকগুলো বাস্তবায়িত হয়নি: টিআইবি
জাতীয় শুদ্ধাচার কৌশলে স্বল্প মেয়াদে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তার অনেকগুলো এখনো বাস্তবায়ন হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের আয় ও সম্পদের বিবরণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা থাকলেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। বরং এ নিয়ে কর্মকর্তা-কমচারীদের মধ্যে ভিন্নমত রয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর একটি হোটেলে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল: বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সেখানে এসব বিষয় তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে রাজনৈতিক দলগুলোর ভেতরে গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যাশিত পর্যায়ে গণতান্ত্রিক চর্চার ঘাটতি রয়েছে। প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং অর্থের প্রভাব বিরাজমান। এ ছাড়া দলীয় তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হয়নি।
জাতীয় শুদ্ধাচার কৌশলটি প্রণীত হয়েছিল ২০১২ সালের অক্টোবরে। সেটিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদের পরিকল্পনার কথা বলা আছে। স্বল্প মেয়াদের পরিকল্পনা বাস্তবায়নের মেয়াদ ছিল এক বছর। কিন্তু সেই মেয়াদ এখন দেড় বছর হতে চলেছে। টিআইবি বলছে, দেড় বছরে এখনো অনেকগুলো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
প্রতিবেদনে বলা হয়, মামলা তদন্তে পৃথক তদন্ত বিভাগ করার কথা থাকলেও সেটি হয়নি। ন্যায়পাল করার কথা থাকলেও এখনো নিয়োগ দেওয়া হয়নি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পদ্ধতি, নীতি ও কার্যপ্রণালিও প্রণীত হয়নি। কঠোরভাবে খাদ্যপণ্যের ভেজাল প্রতিরোধে নিরাপদ খাদ্য আইন এখনো বাস্তবায়ন হয়নি।
দশম জাতীয় সংসদে বিরোধী দল নিয়মিতভাবে উপস্থিত থাকলেও সরকারের গঠনমূলক সমালোচনার জায়গায় বিরোধী দলের ভূমিকা দৃশ্যমান নয় বলে প্রতিবেদনে উঠে এসেছে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, দুর্নীতি দমন আইন সংশোধনের মাধ্যমে দুদককে দুর্বল করার চেষ্টা হয়েছিল। অবশ্য সেটা রহিত করা সম্ভব হয়েছে। অর্থ পাচার রোধে আইনিকাঠামো তৈরি হলেও বাস্তবে আইনপ্রয়োগে প্রতিবন্ধকতা থাকায় বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে সাফল্য উল্লেখযোগ্য নয়।
আজ এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির কর্মসূচি ব্যবস্থাপক শাম্মী লায়লা ইসলাম ও সাধন কুমার দাস।
প্রতিবেদন সম্পর্কে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্বল্প মেয়াদে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো বেশ ঘাটতি রয়েছে। তবে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নও হয়েছে।