বাস্তবায়ন কম, প্রকল্পের মান নিয়েও সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয়গুলো উন্নয়ন প্রকল্পের অর্থ খরচ করতে পারছে না। আবার যে পরিমাণ অর্থ খরচ করেছে তার গুণগত মান নিয়েও সন্দিহান অর্থ মন্ত্রণালয়।জানা গেছে, গত সাত মাসে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া বিদ্যুৎ খাতে বরাদ্দের মাত্র ২৪ শতাংশ ব্যয় হয়েছে। স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিও প্রায় এ রকমই।গতকাল রোববার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উন্নয়ন প্রকল্পের এই বাস্তবায়ন অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন বলে সূত্র জানায়।এদিকে আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উত্থাপন করবেন অর্থমন্ত্রী। এই প্রতিবেদনেও কাজের গুণগত মান বজায় রাখার বিষয়টি থাকছে। সরকারি অর্থ ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থমন্ত্রীর এই প্রতিবেদন সংসদেও উত্থাপন করা হবে।প্রতিবেদন অনুযায়ী, ৪২টি প্রকল্পের বিপরীতে এ বছর বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হয় তিন হাজার ১৩৩ কোটি টাকা। খরচ হয়েছে মাত্র ৭৫৭ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাত্ মোট বরাদ্দের ২৪ শতাংশ টাকা ব্যয় করা হয়েছে।বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ বিভাগের কাজকর্ম প্রায় সবই ক্রয়সংক্রান্ত। নীতিমালা অনুসরণ করে এসব কাজ করতে সময় লাগে। ইতিমধ্যে কেনাকাটার প্রক্রিয়া শেষ হয়েছে। তবে অর্থ পরিশোধ করা হয়নি বলে খরচ কম মনে হচ্ছে। এটি দু-এক মাসের মধ্যে বেড়ে যাবে।চলতি অর্থবছরে সাড়ে ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মধ্যে সাত মাসে বাস্তবায়িত হয়েছে ৩৫ শতাংশ।