বাস্তবায়নের আগেই পুকুরচুরি

সেতুর নিচে খনন হবে। পাশাপাশি সংযোগ সড়কে হবে মাটি ভরাটের কাজ। এ দুটি কাজ একই প্রকল্পে করার কথা থাকলেও দুটি প্রকল্পে রূপান্তর করে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। সিলেটে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন সুরমা নদীর ওপর নির্মাণাধীন কাজীরবাজার সেতুর সর্বশেষ পর্যায়ের এ প্রকল্প বাস্তবায়নের আগেই অভিযোগ উঠেছে পুকুরচুরির।
প্রকল্পটি তদারক করেছেন সিলেট থেকে প্রত্যাহার হওয়া সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরামউল্লাহ। সড়ক-মহাসড়ক সংস্কার প্রকল্পের প্রায় ৬০ কোটি টাকার কাজ সরকারদলীয় প্রভাবশালী ঠিকাদারদের নিয়ে ভাগ-বাঁটোয়ারার অভিযোগে গত ১ জানুয়ারি তাঁকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।
সওজের প্রকৌশল বিভাগ জানায়, বিগত চারদলীয় জোট সরকারের আমলে সওজের তদারকিতে শুরু হওয়া কাজীরবাজার সেতুর কাজ প্রায় দুই বছর বন্ধ থাকে। পরে ২০১১ সাল থেকে ফের কাজ শুরু হয়। গত বছরের ডিসেম্বরে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। এ পর্যন্ত ৬০ কোটি টাকা ব্যয় হওয়া সেতুর সংযোগ সড়ক নির্মাণ চলছে।
সওজ থেকে জানা যায়, ২০১১ সাল থেকে সেতুর কাজ সরাসরি সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরামউল্লাহ তদারক করছিলেন। সর্বশেষ পর্যায়ের কাজের মধ্যে তাঁর মাধ্যমে চর খনন ও মাটি ভরাটের দুটো প্রকল্প গৃহীত হয়। সেতুর দক্ষিণ দিকে সুরমায় চরের মাটি কাটতে প্রায় তিন কোটি ৭২ হাজার টাকা ব্যয়ে একটি গুচ্ছ প্রকল্প করেন গত বছরের ২০ জুন। অপর দিকে ওই বছরের ২৫ জুলাই দক্ষিণ দিকে সেতুর সংযোগ সড়ক নির্মাণে মাটি ভরাটকাজসহ আনুষঙ্গিক কাজে প্রায় ১২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে আরেকটি গুচ্ছ প্রকল্প গৃহীত হয়। প্রকৌশলী ইকরামউল্লাহ দুটো প্রকল্পকাজই সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবালকে ‘অগ্রাধিকার কোঠায়’ দিয়েছেন।
মাঠপর্যায়ে সওজের একাধিক প্রকৌশলী স্বীকার করেন, দুটি আলাদা প্রকল্প হওয়ায় প্রায় অর্ধেক টাকাই লোপাটের আশঙ্কা রয়েছে। ইকরামউল্লাহর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। সিলেটে সওজের প্রধান প্রকৌশলীর দপ্তরে গিয়ে তাঁর স্থলাভিষিক্ত হওয়া সুবোধ সরকারকেও পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। ওই দপ্তর থেকে জানানো হয়, সুবোধ সরকার দেশের বাইরে অবস্থান করায় ইকরামউল্লাহ দায়িত্ব হস্তান্তর না করেই ২ জানুয়ারি নতুন কর্মস্থলে চলে গেছেন।
চরের মাটি খনন ও সংযোগ সড়কে মাটি ভরাট একই কাজে দুটো প্রকল্প গৃহীত হওয়া প্রসঙ্গে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ‘যেহেতু জমি বন্দোবস্ত সাপেক্ষে অ্যাপ্রোচ সড়ক নির্মিত হবে, সেটা কবে নাগাদ হবে, তা নিয়ে আমরা দ্বিধায় ছিলাম। এ অবস্থায় নদী খনন না হলে ব্রিজের ক্ষতির আশঙ্কা ছিল। তাই ড্রেজিংয়ের জন্য আলাদা একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল।’