বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের পর নাগরিকদের পুনর্বাসনের আর্থিক দায় ভারতের কেন্দ্রীয় সরকার বহন করলে এই চুক্তির বিষয়ে সায় থাকবে পশ্চিমবঙ্গ সরকারের। চুক্তি সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকারের এই মনোভাব দেশটির কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে।ভারতের ভেতরে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের ভেতরে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। ১৬২টি ছিটমহলের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই সেগুলো বিনিময় করার দাবি জানিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে উভয় দেশ ছিটমহল বিনিময় চুক্তির উদ্যোগ নেয়। ভারত সরকার এ বিষয়ে লোকসভার চলতি অধিবেশনেই একটি বিল আনতে যাচ্ছে।কেন্দ্রীয় সরকার এই ছিটমহল বিনিময় চুক্তির পাশাপাশি তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনেরও উদ্যোগ নেয়। দুটি চুক্তির সঙ্গেই পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িত। তাই কেন্দ্রীয় সরকার চাইছে পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি নিয়ে চুক্তি দুটির বিষয়ে এগোতে। এ লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে আলোচনার জন্য পশ্চিমবঙ্গে পাঠানো হয়। ওই যুগ্ম সচিব সেখানে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ছিটমহল চুক্তি বাস্তবায়নের পর পুনর্বাসনের আর্থিক ব্যয়ভার কেন্দ্রীয় সরকার বহন করলে এই চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি থাকবে না।জানতে চাইলে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় ছিটমহলগুলোর যেসব বাসিন্দা ভারতে এসে বসবাস করতে চায়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ছিটমহলগুলোর বাসিন্দারা। তারা ইতিমধ্যে এই পুনর্বাসনের জন্য ২৩ একর জমি নির্ধারণ করে রেখেছে।দীপ্তিমান সেনগুপ্ত জানান, বাংলাদেশি ছিটমহলগুলোর বাসিন্দারা বাংলাদেশে ফিরতে না চাইলেও ভারতীয় ছিটমহলগুলোর ১৪৯টি পরিবারের ৭৪৩ জন বাসিন্দা ভারতে ফিরতে চায়। এই বাসিন্দাদের পুনর্বাসনের যাবতীয় দায়িত্ব তাঁরা নেবেন।