বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো একই থেকে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সাল থেকে প্রতিবছর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করছে তথ্য কমিশন। প্রতিবেদনে কিছু তথ্য পরিবর্তিত হলেও তথ্য অধিকার আইন বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো একই থাকছে। ২০১৩ সালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনেও একই চিত্র দেখা গেছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে জনসচেতনতা বৃদ্ধি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ, তথ্য দেওয়ার সংস্কৃতি সৃষ্টি এবং এ ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এড়ানো, জোরদার মনিটরিং, জনবল-সংকটের সমাধান, তথ্য অধিকার আইনের অস্পষ্টতা ও সীমাবদ্ধতা দূর করা ইত্যাদি।
তথ্য কমিশনের কর্মকর্তারাও চ্যালেঞ্জগুলো পূরণ না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, কমিশনকে আরও জনমুখী হতে হবে। আইনটি বাস্তবায়নে এ বিষয়ে জনগণকে বেশি করে সচেতন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। আর এসব ক্ষেত্রে কমিশনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চেয়ে দেশে গত বছর প্রাপ্ত আবেদনপত্রের সংখ্যা ছিল ১১ হাজার ৭২৭টি। এর মধ্যে ১১ হাজার ২৭৫টি ক্ষেত্রে তথ্য সরবরাহ করা হয়েছে, যা মোট আবেদনের ৯৬ দশমিক ১৫ শতাংশ। এর মধ্যে সরকারি কর্তৃপক্ষ বরাবর আবেদনের সংখ্যা সাত হাজার ৮১৬টি এবং এনজিওগুলোতে আবেদনপত্রের সংখ্যা তিন হাজার ৯১১টি। কমিশনের প্রতিবেদন বলছে, ২০১০ সালে তথ্য প্রাপ্তির জন্য মোট আবেদন জমা পড়েছিল ২৫ হাজার ৪১০টি। অর্থাৎ সংখ্যাটি না বেড়ে বরং কমেছে।
কমিশনের সর্বশেষ প্রতিবেদনে তথ্য অধিকার আইন বাস্তবায়নের ক্ষেত্রে মোট ১৬টি চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। এক নম্বরেই বলা হয়েছে সাধারণ মানুষের মধ্যে আইনটির বিষয়ে সচেতনতার অভাবের কথা। তথ্য কমিশন শুরু থেকেই আইনটির বাস্তবায়নকে এগিয়ে নিতে গণনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন প্রচারণার বিষয়টিতে গুরুত্ব দেওয়ার কথা বলছে। কিন্তু কমিশনের কর্মকর্তারাই এর সাফল্যের বিষয়ে খুব সন্তুষ্ট নন। যথেষ্টসংখ্যক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না হওয়ার বিষয়টিকে কমিশন আরেকটি বড় চ্যালেঞ্জ বলে মনে করে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করছে এরাই। আইনটি জারির ৬০ দিনের মধ্যে কর্তৃপক্ষের প্রতিটি তথ্য প্রদান ইউনিটের জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে প্রক্রিয়াটি খুবই শ্লথ। ২০১৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, সে বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি দপ্তরে ১৪ হাজার ৬১৩ জন ও বেসরকারি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৬৮ জন নিয়োগপ্রাপ্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। গত বছর সরকারি প্রতিষ্ঠানে চার হাজার ৫২৯ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলেও এনজিওতে নিয়োগ পেয়েছেন মাত্র ৫৮৩ জন।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না দিলে কমিশন সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এ ছাড়া তথ্য দিতে অস্বীকৃতি বা দেরি করলে কমিশন তিরস্কার করা ছাড়াও পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চালুর নির্দেশ দিতে পারে। তবে এসব ক্ষেত্রে কমিশন এ পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেয়নি।
এ বিষয়ে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, ‘আইনটি বাস্তবায়নে মূল দায়িত্ব পালন করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। কমিশন শাস্তির বদলে তাঁদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করে কাজটি আদায় করার চেষ্টা চালাচ্ছে।’
কোনো কর্তৃপক্ষ তথ্য না দিলে, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ তথ্য দিলে কমিশনে অভিযোগ দায়েরের বিধান আছে। এ প্রসঙ্গে সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, অভিযোগের সংখ্যা যে হারে বৃদ্ধি পাওয়া দরকার ছিল, তা হচ্ছে না। বিষয়টি কমিশনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।