বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীর সমাবেশে পুলিশের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ‘অগ্রাধিকার প্রকল্প’ দ্রুত বাস্তবায়নের পক্ষে এলাকাবাসীর ডাকা সমাবেশে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে।সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করার পরিকল্পনায় শহরতলির বাদাঘাট এলাকায় নতুন কারাগারের মাটি ভরাটের কাজ চলছিল। সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের অধীন এ কাজ শেষ করার সময় চাঁদা দাবি করার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের কয়েকজন নেতা তৎপরতা চালান। তাঁরা প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে সমাবেশ করেন। এ সমাবেশের পাল্টা হিসেবে অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের পক্ষে এলাকাবাসী গতকাল শুক্রবার সমাবেশ আহ্বান করলে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে।যোগাযোগ করলে মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন প্রথম আলোকে বলেন, কোনো নিষেধাজ্ঞা নয়, দুই পক্ষের পাল্টাপাল্টি তৎপরতা থাকায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না পাওয়ায় তাঁরা সামবেশ করছেন না।গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশল বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্র জানায়, সিলেটে অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে কেন্দ্রীয় কারাগার স্থাপনের প্রথম ধাপের প্রকল্পে প্রায় আট কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ শুরু হয়। মোহামঞ্চদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স প্রা. লি. নামে ঠিকাদারি প্রতিষ্ঠান গত ২৯ জুন মাটি ভরাটের কাজ শুরু করে। এ কাজের শুরুতে ওই দিন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলীর নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে মাটি ভরাটের পাইপলাইনসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহামঞ্চদ শামসুর রহমান চৌধুরী অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগের নেতা সুজাতসহ স্থানীয় একটি চক্র কাজ শুরুর আগেই ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এ টাকা না দেওয়ায় হামলা হয়। আওয়ামী লীগের নেতা অবশ্য চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছিলেন। হামলার ঘটনায় মহানগরের জালালাবাদ থানায় একটি মামলা করা হয়েছিল। এ নিয়ে গত ৩০ জুন প্রথম আলোয় ‘আ.লীগ নেতার নেতৃত্বে হামলা/সিলেট কারাগারের কাজ বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রকল্প বাস্তবায়নের স্বার্থে ঘটনা সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করে মাটি ভরাটের কাজ শুরু হয়। মাটি ভরাটের কাজ প্রায় ৯০ ভাগ শেষ হলে চলতি মাসের শুরুতে সুজাতের নেতৃত্বে স্থানীয় একটি চক্র প্রকল্পকাজে অনিয়ম হচ্ছে অভিযোগ তুলে আবার তৎপরতা শুরু করে। অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের স্বার্থে গঠিত হয় ‘কারাগার বাস্তবায়ন সংগ্রাম কমিটি’। ৫ নভেম্বর বাদাঘাটের সোনাতলা বাজারে এ কমিটির একটি সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির সরাসরি অভিযোগ তোলা হলে পাল্টাপাল্টি তৎপরতা শুরু হয়। ৯ নভেম্বর প্রকল্পে অনিয়ম বন্ধের দাবিতে ‘সচেতন নাগরিক’-এর ব্যানারে সোনাতলায় আওয়ামী লীগের নেতারা সমাবেশ করেন। এরপর গতকাল আহ্বান করা হয় পাল্টা সমাবেশ। এ সমাবেশে পুলিশ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় নিষেধাজ্ঞা জারি করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাটি ভরাটকাজের অংশীদার সিলেটের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নূরে আলম সিরাজী ৫ নভেম্বরের সমাবেশে আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলেন। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ২৫ লাখ টাকা চাঁদা দাবির পরিপ্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু টাকা দেওয়ার তথ্য-প্রমাণও তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে। কারাগার বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে সমাবেশের আয়োজকেরা বলেন, শুক্রবারের সমাবেশে চাঁদা দাবির অভিযোগের কিছু তথ্য-প্রমাণ উপস্থাপনের ঘোষণা ছিল। এ ঘোষণায় সন্ত্রস্ত হয়ে সমাবেশের আগের দিন বৃহস্পতিবার রাতে একটি পক্ষ এলাকায় মিছিল করে। এরপর পরিকল্পিতভাবে দুই পক্ষের তৎপরতা দেখিয়ে পুলিশি বাধার সৃষ্টি করা হয়েছে। গতকাল বিকেলে প্রথম আলোর সিলেট কার্যালয় থেকে সুজাত আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঠিকাদার নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ঘরবাড়ি ভাঙনের মুখে পড়েছে। মানুষ এর প্রতিবাদ করছে। আমি রাজনৈতিক কারণে মানুষের পক্ষে আছি।’ পুলিশ কোনো পক্ষে-বিপক্ষে নেই জানিয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্যভুষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কোনো পক্ষকে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এ জন্য এলাকায় পুলিশ পাহারা বসানো হয়েছে। এ আশঙ্কা কাটলে অনুমতি সাপেক্ষে যেকোনো পক্ষকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে।