বাস্তবে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি দেখল শিক্ষার্থীরা
পাঠ্যবইয়ে ছবি দেখে এত দিন শিক্ষার্থীরা বিজ্ঞানের নানা যন্ত্রপাতি সম্পর্কে জেনেছিল। সেই শিক্ষার্থীরা গতকাল বুধবার বাস্তবে সেই সব যন্ত্রপাতি ব্যবহার করল। সিলেট নগরের পিডিবি উচ্চবিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী দুপুর থেকে বিকেল পর্যন্ত ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ কর্মসূচিতে একাত্ম হয়ে হাতে-কলমে বিজ্ঞানের এই পাঠ নেয়।দেখে শেখার অনুভূতি ব্যক্ত করে ৪০ জন শিক্ষার্থী লটারির মাধ্যমে পুরস্কৃত হয়। শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল পুরস্কার হিসেবে তাদের হাতে বিজ্ঞানের বই উপহার দেন।শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাদানের মানোন্নয়নবিষয়ক প্রকল্পের আওতায় হাতে-কলমে বিজ্ঞান শেখার কর্মসূচি ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ ২০১১ সালের ১৬ এপ্রিল শুরু হয়। মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে এই কর্মসূচিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী দল হাতে-কলমে বিজ্ঞান শেখার দায়িত্ব পালন করছেন।পুরস্কার পাওয়া অষ্টম শ্রেণীর রুনা বেগম বলল, ‘প্রদর্শিত যন্ত্রগুলো শুধু বইয়ে দেখেছি। কিন্তু কোনো দিন ব্যবহার করতে পারিনি। আজ পারলাম!’